শুভদীপ মন্ডল, বাঁকুড়া: স্বাধীনতার ৭৯ তম বর্ষে ভারত সরকারের উদ্যোগে সারা ভারতবর্ষের জুড়ে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ও রাজ্যজুড়ে প্রতিটি প্রান্তে প্রতিটি বাড়িতে তেরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। তাছাড়া আজ এই ১১ই আগস্ট অগ্নিযুগের অগ্নি শিশু বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মত্যাগ দিবস।
আজকের দিনে ১৮ বছর বয়সে ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ও উনআশি তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আজ থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হবে প্রতিটি বাড়িতে তেরঙ্গা মহোৎসব। পিছিয়ে নেই জঙ্গলমহলের রাইপুর ব্লকও। রাইপুর ব্লক প্রশাসন ও রাইপুর ব্লক যুব করন এর উদ্যোগে আজ সকালে প্রভাত ফেরিতে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, দেশপ্রেমী সহ রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রায়পুর ব্লক যুবকর আধিকারিক নির্ঝর প্রচন্ড সহ অফিসের সমস্ত কর্মচারীবৃন্দ অংশ নেন।
রাইপুর ব্লক অফিস থেকে প্রভাত ফেরিটি বের হয়ে রাইপুর থানা গোড়া বাস স্ট্যান্ড, থানা মোড়, সবুজ বাজার ,এলআইসি মোড়, হাটতলা হয়ে আবার ব্লক অফিস প্রাঙ্গনে ফিরে আসে। উপস্থিত ছাত্রছাত্রী ও জনসাধারণের কাছে আজকের দিনটি ও প্রতিটি বাড়িতে তেরঙ্গা বিষয়ে তাৎপর্য বিশ্লেষণ করেন বিডিও উদয়নারায়ন দে। আজকের এই পথ শোভাযাত্রায় সকলের অংশগ্রহণের জন্য তিনি সকলকেই ধন্যবাদ জানান।