প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খয়রাসোল ব্লক চত্বরে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প কর্মসূচির অঙ্গ হিসেবে খয়রাসোল ব্লক চত্বরে আয়োজন করা হল আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপের আলো এবং রংবেরঙের আলোকসজ্জায় সেজে ওঠে ব্লক চত্বর। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত একমাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ ই সেপ্টেম্বর উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘সেবা সংকল্প’ নামে একমাসব্যাপী বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি খয়রাসোল ব্লকেও দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। আগামী এক মাস ধরেও নানা কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।
এদিন সকালে খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা-সহ অন্যান্যদের নিয়ে অন্নপূর্ণা দিবস পালন করা হয়। এরপর সন্ধ্যায় ব্লক চত্বরে আয়োজন করা হয় আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুশাসন, গরিব কল্যাণ এবং রাষ্ট্র নির্মাণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণীশ দাস, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের দিনভর কর্মসূচি এবং আগামী একমাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি।