বসিরহাট : আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে অবৈধ মদ ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করলো হাড়োয়া থানার পুলিশ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হাড়োয়া থানা এলাকায় বেআইনি মদ মজুত ও বিক্রির বিরুদ্ধে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালীন অবৈধভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম প্রণব সর্দার ও দিলীপ মান্না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছ থেকে দেশি ও বিদেশি মদ মিলিয়ে ২২০টিরও বেশি বোতল উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ।
আসন্ন পুজোর সময় এলাকায় বেআইনি মদ ও মাদকদ্রব্যের কারবার রুখতে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানা গিয়েছে।