সেখ রিয়াজুদ্দিন,সিউড়ি: বাল্যবিবাহ, শিশুশ্রম, পণপ্রথা এবং সাইবার প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হল বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও সাইবার থানা পুলিশ। শুক্রবার সিউড়ি ১ নম্বর ব্লকের তারাপুর গ্রামে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও পণপ্রথার মতো সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইন গেম, ফেসবুক ব্যবহার এবং বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা থেকে বাঁচতে কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সে বিষয়েও উপস্থিত মহিলাদের সচেতন করা হয়।
বিশেষভাবে আলোচনা করা হয়, কীভাবে সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। ফোন-পে-র মাধ্যমে আর্থিক প্রতারণা কিংবা অন্য কোনও সাইবার অপরাধের শিকার হলে কীভাবে সাইবার ক্রাইম থানার সাহায্য নেওয়া যায়, সেই বিষয়েও বিস্তারিতভাবে জানানো হয়। অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা, ব্যক্তিগত তথ্য ও গোপন পিন অন্যের সঙ্গে ভাগ না করা এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মহম্মদ রফিক, সাইবার থানার এল এএসআই নন্দীতা হোড় এবং ওয়েরলেস অপারেটর অভিজিৎ গড়াঁই।
এই সচেতনতা শিবিরের মাধ্যমে মহিলাদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ সম্পর্কে সতর্কতা গড়ে তোলার পাশাপাশি, কোনও সমস্যায় পড়লে কোথায় এবং কীভাবে সাহায্য পাওয়া যাবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় পাশাপাশি স্থানীয় থানার ও সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর দেওয়া হয়। পাশাপাশি বাড়ির বাচ্চাদের যেন ক্রাইম সংক্রান্ত বিষয়গুলো থেকে দূরে থাকে সেজন্য মহিলাদের আহ্বান জানানো হয়।