সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: এসআইআর বন্ধ, বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহাল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার বীরভূমের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট ও সিপিআইএমের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
নলহাটি -১ নম্বর ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে ‘নাম ফেরাও, জ্ঞানেশ তাড়াও’ এবং ‘এসআইআর বন্ধ কর’—সহ একাধিক স্লোগানকে সামনে রেখে ধিক্কার মিছিল বের করা হয়। মিছিল শেষে সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনর্বহাল এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিও জানানো হয়।
অন্যদিকে, ময়ূরেশ্বর-১ ব্লকের মল্লারপুরেও সিপিআইএমের উদ্যোগে অনুরূপ ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কর্মী-সমর্থকেরা মিছিলে অংশ নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। এসআইআর প্রক্রিয়া বন্ধ করা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম পুনর্বহালের দাবিও ওঠে মিছিল থেকে।
দুই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বাম কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বক্তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।