বসিরহাট : পুজোর আগে বসিরহাট শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের একাধিক দাবি নিয়ে বসিরহাট পৌরসভার পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেস। রাস্তা মেরামত থেকে শুরু করে পানীয় জলের কল, নিকাশি ব্যবস্থা, পথবাতি, শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি মেরামত এবং পৌরসভার ক্যাজুয়াল কর্মীদের নিয়মিত বেতন ও বোনাস দেওয়ার দাবি জানানো হয়।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, পুজোর আগে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা দ্রুত মেরামত করা প্রয়োজন। পাশাপাশি ‘মার্ক-২’ কলগুলির মেরামত, বিভিন্ন এলাকার ড্রেন সংস্কার এবং প্রয়োজনীয় জায়গায় আলোর ব্যবস্থা করার দাবিও তোলা হয়েছে। বসিরহাট শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লি ঠিক করার বিষয়টিও ডেপুটেশনে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়।
এছাড়াও পৌরসভার অধীনে কর্মরত ক্যাজুয়াল স্টাফদের প্রতি মাসে নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা এবং তাদের বোনাস দেওয়ার দাবি জানায় কংগ্রেস। তাদের বক্তব্য, কর্মীদের বেতন নিয়ে অনিশ্চয়তা দূর করার পাশাপাশি নাগরিক পরিষেবার উন্নতিতেও পৌরসভাকে দ্রুত পদক্ষেপ করতে হবে।
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য অমিত মজুমদার, হীরন্ময় দাস, পারমিতা মজুমদার, অবিনাশ নাথ, খোকন গাজী, মিত দে, আরশেদ আলী মোল্লা-সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। তাদের পক্ষ থেকে বসিরহাট পৌরসভার পৌর প্রশাসকের কাছে দাবিগুলি তুলে ধরা হয় এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।