কৃষক ও ভোক্তার স্বার্থে ভারসাম্য আনতে ‘সুফল বাংলা’-র উদ্বোধন
পারিজাত মোল্লা : কৃষক ও ভোক্তা—উভয়ের স্বার্থে ভারসাম্য রক্ষা, কৃষি বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় চালু হওয়া ‘সুফল বাংলা’-র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হল। রাজ্যের বিপণন মন্ত্রী বেচারাম-এর হাতে এই প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মৎস্য দপ্তরের সচিব রোশন সেন, সচিব ওঙ্কার সিং মীনা এবং ইন্সপেক্টর আবদুস সালাম (রাজ) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপণন মন্ত্রী বেচারাম বলেন, ‘সুফল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মূল লক্ষ্য হল কৃষকদের তাঁদের পরিশ্রমের উপযুক্ত মূল্য প্রদান করা এবং সাধারণ ভোক্তাদের কাছে মানসম্মত কৃষিজ পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষক ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যার ফলে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমবে।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর বক্তব্যে জানান, ‘সুফল বাংলা’ শুধু কৃষিক্ষেত্রকে শক্তিশালী করবে না, গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে। অন্যান্য বক্তারাও এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যাবশ্যক বলে অভিহিত করে আশাবাদ ব্যক্ত করেন যে, এই ব্যবস্থা কৃষি বিপণন ব্যবস্থায় ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে।
অনুষ্ঠানের শেষে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়, তাঁরা যেন ‘সুফল বাংলা’-র মতো সরকারি উদ্যোগের সুবিধা গ্রহণ করেন এবং এই সফল মডেলকে আরও সুদৃঢ় করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।