পূর্ব কলকাতার বে আইনী নির্মাণ ভাঙতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী, হুশিয়ারি দিল হাইকোর্ট
পারিজাত মোল্লা, কলকাতা : সোমবার কলকাতা হাইকোর্টে বে আইনী নির্মাণ নিয়ে মামলার শুনানি চলে। পূর্ব কলকাতা জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙার প্রশ্নে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট । এদিন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, -‘বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আদালত এবার কেন্দ্র সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দিচ্ছে’।প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।শুনানির সময় বিচারপতি বলেন, “রাজ্য যদি না পারে, তাহলে আমি কেন্দ্রের সহযোগিতা চাইব। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ করতে হবে।” তাঁর পর্যবেক্ষণ, আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও রাজ্য ও পুরসভা যথাযথ ব্যবস্থা নেয়নি।
এদিন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আদালতে রিপোর্ট দাখিল করেন। অন্যদিকে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি জায়গায় বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কারণে পদক্ষেপ করা সম্ভব হয়নি বলে জানানো হয়।এই পরিস্থিতিতে আদালত কঠোর অবস্থান নেয়। বিচারপতি নির্দেশ দেন, কেন্দ্র সরকারকে মামলায় পক্ষভুক্ত করতে হবে। আদালতের স্পষ্ট বার্তা, পরিবেশ রক্ষা ও আইন কার্যকর করার ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।
আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় বেআইনি নির্মাণ এবং জলা ভরাট সংক্রান্ত মামলায় বিচারপতি জানান , -‘জলাভূমি সংলগ্ন ৫০৫টি বেআইনি নির্মাণ ভাঙার কাজে রাজ্য যদি পরিকাঠামো বা পুলিশি সাহায্য দিতে ব্যর্থ হয়, তবে আধা সামরিক বাহিনী দিয়ে সেই কাজ করানো হবে’।