‘সুপ্রিম’ নির্দেশ মেনে এসআইআর নিয়ে উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক হাইকোর্টের প্রধান বিচারপতির
মোল্লা জসিমউদ্দিন : শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বসলো উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক। গত শুক্রবারই এসআইআর নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চব্বিশ ঘন্টার মধ্যেই বিচারবিভগীয় আধিকারিক নিয়োগ করে পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতি দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ। শনিবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে হল সেই বৈঠক।
দুপুর ১২টার পরে হওয়া সেই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, ডিজি, সহ অন্যেরা।সূত্রে প্রকাশ , ৭ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে কমিটি গঠন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। ৭ জন কারা হবেন? তা নিশ্চিত হয়েছে বৈঠকে। এছাড়া, রাজ্যের ২৩ জেলার জুডিসিয়াল অফিসারদের প্রশিক্ষণ হবে বলেও জানা গেছে। সুপ্রিম নির্দেশের পরেই শুরু হয়েছে নির্বাচন কমিশনের তৎপরতা। কলকাতা হাইকোর্টে এসআইআর বৈঠকে কমিশন জানিয়েছে, -‘তারা বুথ পিছু জুডিশিয়াল অফিসার চায়। এখনও ৩ লক্ষ এসআইআর নথি যাচাই হয়নি। ৫০ লক্ষ নথি ফের যাচাই করতে চান অবজারভার্রা। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবিষয়ে রিপোর্ট দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
এদিন বৈঠক থেকে বেরিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন, ”কমিশন ওখানে শুধু সহযোগিতা করতে গিয়েছিল। আমরা শুধু পরিসংখ্যানটা দিয়ে দিয়েছি। জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক তথ্য দিয়েছি। যা সাহায্য লাগবে আমরা করে দেব।’মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেছেন, ”যা যা সহযোগিতার দিল্লি থেকে করতে হবে আমরা তা করে দেব। যে বৈধ ভোটার, যে ভারতীয়, সে কোনওভাবেই ভোটার তালিকা থেকে বাদ যাবে না।শনিবার রাত পর্যন্ত অভিযোগের নিস্পত্তি হবে। তারপর যে সংখ্যা হবে সেটা আমরা জানিয়ে দেব।”
উল্লেখ্য, গত শুক্রবার এসআইআর মামলার শুনানি চলাকালীন দু’পক্ষের চাপানউতোরে বিরক্ত হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, -‘এসআইআর-এর বাকি নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে জুডিশিয়াল অফিসার অথবা জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে। তাঁদের নজরদারিতেই শেষ হবে নথি যাচাই প্রক্রিয়া’। মাইক্রো অবজার্ভার থেকে ভিনরাজ্যের আধিকারিক, কমিশন রাজ্য কারও কথাতে সরাসরি সায় দেয়নি কোর্ট। এসআইআর মামলায় গত শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত জানায়, -‘এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা’। এই নির্দেশ পরিপেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বসলো উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক।