ডিজিটাল প্ল্যাটফর্মে শাসক দলের বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ তৃণমূল ছাত্র পরিষদের
বসিরহাট : সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে মাঠে-ঘাটের প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও শাসক দলের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিতে বসিরহাটে সোশ্যাল মিডিয়া কনক্লেভের আয়োজন করল বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কনক্লেভে সীমান্ত এলাকা থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
এই কনক্লেভে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য, বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি, বসিরহাট টাউন তৃণমূল সভাপতি রানা দাস এবং তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি সমীক রায় অধিকারী সহ একাধিক নেতৃত্ব ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে ডিজিটাল প্রচারের গুরুত্ব তুলে ধরে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য ফেসবুক, ইন্সটাগ্রাম-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কীভাবে পরিকল্পিতভাবে প্রচার চালাতে হয়, তা হাতে-কলমে দেখান। কোন কনটেন্ট কীভাবে তৈরি হবে, কী ভাষায় মানুষের কাছে বার্তা পৌঁছবে এবং ভুয়ো খবরের মোকাবিলা কীভাবে করতে হবে—সেই বিষয়গুলিও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক মজুমদার রিকি বলেন, “আজকের দিনে শুধু মিটিং-মিছিল করলেই হবে না। যুব সমাজ ও ছাত্রছাত্রীদের বড় অংশ সামাজিক মাধ্যমে সক্রিয়। সেই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েই আমাদের রাজ্যের উন্নয়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই কনক্লেভের মাধ্যমে আমাদের কর্মীরা ডিজিটাল প্রচারে আরও দক্ষ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে প্রত্যেক ব্লক ও কলেজস্তরে সোশ্যাল মিডিয়া টিমকে আরও সক্রিয় করবে, যাতে নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের বার্তা ধারাবাহিক ভাবে মানুষের কাছে পৌঁছয়।” কনক্লেভ শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানান, এই ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ডিজিটাল মাধ্যমে সংগঠিত প্রচারে নতুন দিশা দেখিয়েছে।