দেশের জনসাধারণের মঙ্গল কামনায় মহা শিবরাত্রির আয়োজন
দীপঙ্কর সমাদ্দার : “West Bengal Para Badminton Association” পক্ষে উক্ত সংস্থার প্রেসিডেন্ট এবং ওই বিধানসভার ১০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ নাহার তত্ত্বাবধানে মহা ধুমধাম এর সাথে সমগ্র দেশের জনসাধারণের মঙ্গল কামনায় শ্যামপুকুরে শিবের পূজা অর্চনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো মহা শিবরাত্রি।
হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই এই মহাশিবরাত্রিকে উপলক্ষ করে শ্যামপুকুর বিধানসভা এলাকার মোট ১১টি ওয়ার্ডেই বিশেষ পুজোর আয়োজন করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাশিবরাত্রির পবিত্র তিথিতে জনসাধারণের সুস্থতা ও মঙ্গল কামনাতেই প্রতিটি ওয়ার্ডে এই শিবপুজোর আয়োজন করা হয়। আয়োজকরা জানান ধর্মীয় ও সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এটিকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
পাশাপাশি এবারের আয়োজনের আরও একটি বিশেষ তাৎপর্যও ছিল। শ্যামপুকুর বিধানসভার ১০ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট অরুণ ঘোষের প্রয়াত পুত্র সায়নের স্মৃতির উদ্দেশ্যে এই পুজোর ব্যবস্থা করা হয়। প্রতিটি মন্দিরের পাশে ব্যানার ও পোস্টারে তাঁর ছবি দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
স্থানীয় সমাজসেবী ও বিভিন্ন স্তরের মানুষজনের পাশাপাশি এলাকার রাজনৈতিক কর্মীরাও এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র বিধানসভা জুড়ে ভক্তিমূলক পরিবেশে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় মহা শিবরাত্রি।