২০২৪ সালের পুলিশ কনস্টেবল নিয়োগ পরিক্ষার তথ্যসহ তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন, কোলকাতা : চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর পাশাপাশি সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি । সেইসাথে নির্দেশ রয়েছে -‘ইন্টারভিউ প্রক্রিয়ার আগেই প্রকাশ করতে হবে লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা’।পুলিশ রিক্রুটমেন্টকে এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি। ২০২৪ সালের পুলিশ নিয়োগ পরীক্ষা হয়েছিল ২০২৫ সালে। সেই পরীক্ষার ফলাফল বের হয় গত বছরের ২৯ ডিসেম্বর। কিন্তু সেই ফলাফলে ছিল না কোনও নম্বর। অর্থাৎ নম্বরহীন ফলাফল প্রকাশ করেছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই নম্বরহীন ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা দায়ের করা হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নম্বর-সহ ২০২৪ সালের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তালিকা বের করার নির্দেশ দিল। এবং অন্য একটি মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে আবেদন জানানোর অনুমতি দিল হাইকোর্ট। রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে উচ্চতা পরিমাপেও গন্ডগোল হয়েছিল।
মামলাকারীদের দাবি, -‘তাঁরা রিক্রুটমেন্ট বোর্ড-সহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তাঁদের দাবি আবেদন জানাতে চাইলেও তা নেওয়া হয়নি’।আবেদনকারীদের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক,অস্মিতা মিত্ররা জানান -” আবেদনকারীরা যোগ্য প্রার্থী “। কলকাতা হাইকোর্টের বিচারপতি মামলাকারীদের আশ্বাস দিয়ে জানিয়েছেন, -‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁরা আবেদন জানাতে পারবেন। আর তা বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে’। ২০২৪ সালের রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়াও হয়।
কিন্তু সেখানে ডাক পান নি আবেদনকারী আমানা খাতুন, তসলিমা নাসরিনরা। দাবি, চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা পরিমাপের গন্ডগোলের জেরে ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়েছেন ১৫ জন পরীক্ষার্থী। এরপরেই বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। প্রেক্ষিতেই এই নির্দেশ দিল হাইকোর্ট।