আরজিকর দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিবিআই এজলাসের
মোল্লা জসিমউদ্দিন : বহু চর্চিত আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আরও বিপাকে প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি। এবার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের বিশেষ সিবিআই এজলাস। আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে, শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আখতার আলির।হাসপাতালে ভর্তি হয়েও শেষরক্ষা হলো না। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। এদিন আলিপুরের সিবিআই আদালতে এই মামলার শুনানি হয়।কিন্তু আদালতে হাজির দেননি আখতার। অসুস্থতার দাবি করে গত বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হল না।
আখতার আলির বিরুদ্ধে এ বার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে নির্দেশ দিল আলিপুর আদালত।আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে এর আগে একাধিক চার্জশিট দিয়েছে সিবিআই। শেষ যে অতিরিক্ত চার্জশিটটি দেওয়া হয়েছিল, তাতে আখতারের নাম রয়েছে । তাঁর বিরুদ্ধেও ওই হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছে সিবিআই।কিন্তু একাধিক সমন সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। উল্টে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন। সম্প্রতি হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে। তার পরেই শুক্রবার আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।আখতারের আইনজীবীর দাবি,-‘ তাঁর মক্কেল অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। তাই আদালতে হাজিরা দিতে পারছেন না’।
আলিপুর আদালত এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি। হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা ছিল কি না? প্রশ্ন তোলা হয়েছে।পাল্টা সিবিআই-এর আইনজীবী বলেন, ‘তিনি ইচ্ছাকৃত ভাবে এদিন আসেননি। কারণ হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।’ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীও আখতার আলির বিরুদ্ধে অভিযোগ তোলেন। এর পরে আলিপুর দ্বিতীয় সিবিআই কোর্টের বিচারক সুজিত কুমার ঝাঁ আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।