রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ ৩১ শে মার্চে- র মধ্যে দিতে হবে
নিজস্ব সংবাদতা: সময় বেঁধে দিয়ে এমনই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ঐতিহাসিক নির্দেশ শীর্ষ আদালতের।
সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় হিসাব-নিকাশ ও ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে নতুন একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘদিন ধরে কর্মীরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতি আর অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন স্বস্তি হিসেবে ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন গঠিত কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বাকি বকেয়া ডিএ এবং ভবিষ্যৎ ডিএ কাঠামো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই রায়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির হাওয়া, যদিও বাকি ৭৫ শতাংশ ডিএ কবে ও কীভাবে মিলবে, সেদিকেই এখন তাকিয়ে সকল সরকারি কর্মচারী |