উন্নয়নের কাজে বাধা বিরোধীদের, প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিকী বিক্ষোভ শাসকদলের
বসিরহাট : বসিরহাট মহকুমার বসিরহাট দু’নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকায় ড্রেন নির্মাণকে ঘিরে রাজনৈতিক তরজা নতুন মোড় নিল। শনিবার সিপিএম ও আইএসএফের কর্মী-সমর্থকরা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখান। এর জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়, রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক রুটের অটো, টোটো ও বাস। সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। পরে প্রশাসনিক সূত্রে জানা যায়, নির্ধারিত ওয়ার্ক শিডিউল মেনেই ড্রেনের কাজ হয়েছে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় একই এলাকায় শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভে নামে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কোনো অবরোধ নয়, কোনো টায়ারে আগুন নয়—রাস্তার ধারে দাঁড়িয়ে হাল্কা সুরে স্লোগানের মধ্য দিয়েই তারা বিরোধীদের কর্মসূচির বিরোধিতা করে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, উন্নয়নের কাজকে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, কাজটি সরকারি নিয়ম ও সূচি মেনেই হচ্ছে, তবু বিভ্রান্তি ছড়াতে কিছু রাজনৈতিক দল অযথা উত্তেজনা তৈরি করছে। তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়, রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও কাজকর্ম বন্ধ করে দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। উন্নয়নের স্বার্থে শান্তিপূর্ণ প্রতিবাদই তাদের পথ—এই বার্তাই প্রতীকী বিক্ষোভের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানান স্থানীয় নেতৃত্ব।