বসিরহাটের ধলতিথায় অমরনাথ একাডেমি চত্বরে বিনি পয়সার বইমেলা
বসিরহাট : ছোটদের বিনি পয়সার বইমেলার জনপ্রিয়তা বাড়ছে বৈ কমছে না। ছোটদের মধ্যে উৎসাহ যেমন বাড়ছে, তেমনি বই সংগ্রহে আগ্রহ তৈরি হচ্ছে। এহেন প্রেক্ষাপটে বসিরহাটের ধলতিথায় অমরনাথ একাডেমি চত্বরে আয়োজিত বিনি পয়সার বইমেলা এবার চতুর্থ বর্ষে পা রাখলো। দুদিনের বইমেলা রবিবার শেষ হলো হৈহৈ রৈ রৈ করে। শনিবার শুরু হয়েছিল। শনিবার অর্থাৎ প্রথম দিন মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি জয়ন্তী চট্টোপাধ্যায়।
অন্যদের মধ্যে ছিলেন বসিরহাটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কালিদাস মজুমদার, আইনজীবী সীমা ভট্টাচার্য, প্রধান শিক্ষিকা সংযুক্তা বসু।মেলা কমিটির সম্পাদক স্বদেশ ভট্টাচার্য বলেন মেলার অভিনবত্ব একারণেই, ছোটদের বইমেলার বৈশিষ্ট্য এখানে শিশুরাই সব। মেলার স্টলে বসে ছোটরা, যাদের বয়স ১০ বছর। শুধু তাই নয় , স্টল থেকে ছোটরা নিজেদের পছন্দের ২ টি করে বই বিনিপয়সায় সংগ্রহ করতে পারে। মেলায় মা বাবার হাত ধরে এসে তারাই অবাধে মেলায় ঘোরাফেরা করে। মেলা প্রাঙ্গনে একটি পোস্টার বেশ নজর কাড়ে।আর তা হলো ‘মোবাইল ছাড়ো, বই ধরো’। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার দেখা গেল ছোটরাই বই পছন্দ করে নিচ্ছে। কেউ ছড়ার বই, কেউ খুঁজছে আঁকার বই।
আবার কারোর দরকার সাধারণ জ্ঞান, ক্যুইজ কিংবা গল্পের বই।মেলা প্রাঙ্গণে সাজানো হয়েছে মনীষীদের ছবি, উদ্ধৃতি দিয়ে। এবারে বিশেষভাবে স্থান পেয়েছেন মৃত্যু শতবর্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, জন্ম সার্ধ শতবর্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, নারায়ণ দেবনাথ। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে ‘মুক্তি সংগ্রামে বাংলা’ শীর্ষক প্রদর্শনী দর্শকদের নজর কাড়ে।
ছবি:বই সংগ্রহে ক্ষুদেরা।