আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল হলো বাঁকুড়া।
সাধন মন্ডল, বাঁকুড়া: আশা কর্মীদের মাসিক ১৫ হাজার টাকা সাম্মানিক, সমস্ত পাওনা অবিলম্বে প্রদান কর্মরত অবস্থায় কোনো কর্মী মারা গেলে তার পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি পেশাগত দাবিতে কর্মবিরতির মাঝেই গত ২১ জানুয়ারী কলকাতায় স্বাস্থ্য ভবনে যাওয়ার পথে তাঁদের পুলিশ দিয়ে আটকানোর অভিযোগ তুলে শুক্রবার বাঁকুড়া শহরে পথ অবরোধের পাশাপাশি সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে বলা হয়েছে, স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি সহ অন্যান্য পেশাগত দাবিতে গত ৩৯ দিন ধরে তারা ‘কর্মবিরতি’ পালন করছেন। এরই মাঝে স্বাস্থ্য ভবনের ডাকে সাড়া দিয়ে গত ২১ তারিখ কলকাতা যাওয়ার আগেই বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে তাদের আটকে দেওয়ার পাশাপাশি অত্যাচার পর্যন্ত করা হয় বলে তাদের অভিযোগ।
একই সঙ্গে আন্দোলনকারী আশা কর্মীদের তরফে বলা হয়েছে, পেশাগত দাবিতে তারা কর্মবিরতি পালন যেমন করছেন, তেমনই সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এটা বুঝেও আপাতত তাদের করার কিছু নেই। স্বাস্থ্য ভবনের তরফে দাবি মেনে নেওয়া হলে তারা ফের কাজে যোগ দেবেন বলে জানান।