সুফল বাংলা মোবাইল আউটলেটের উদ্বোধন সাধ্যের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নতুন উদ্যোগ
সোনারপুর, ৫ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে ও মানসম্মত নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সুফল বাংলা’ প্রকল্পের আওতায় রাজপুর–সোনারপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে একটি সুফল বাংলা মোবাইল আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।
উদ্বোধন করেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজপুর–সোনারপুর পুরসভার চেয়ারম্যান ডাঃ বিপ্লব দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় মুখার্জি, অভিষেক সাহা, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং ডিস্ট্রিক্ট মার্কেটিং ইন্সপেক্টর আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ বিপ্লব দাস বলেন, “সুফল বাংলা মোবাইল আউটলেটের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে সুলভ মূল্যে তাজা সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা। বর্তমান মূল্যবৃদ্ধির সময়ে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলি কার্যকরভাবে তৃণমূল স্তরে বাস্তবায়ন করছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সুফল বাংলা মোবাইল আউটলেট চালু হওয়ায় মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষ সরাসরি উপকৃত হবেন এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহজেই হাতের নাগালে পাবেন।