সুন্দরবনের ভলিবল টুর্নামেন্টে বাবু মাষ্টার, উপচে পড়া ভিড় অনুগামীদের
বসিরহাট : সুন্দরবনের দক্ষিণ বরুণহাটের সূর্য সংঘের মাঠে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি হয়। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের বরুণহাট–রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সূর্য সংঘের উদ্যোগে আয়োজিত হল একদিনের স্বর্ণকাপ ভলিবল প্রতিযোগিতা ২০২৬। এই প্রথম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এমন আন্তর্জাতিক মানের অংশগ্রহণ নিয়ে ভলিবল টুর্নামেন্ট হওয়ায় এলাকা জুড়ে প্রবল উৎসাহ দেখা যায়। মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ওড়িশা থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতার মান আরও এক ধাপ ওপরে উঠে যায়। দর্শকাসন ভরে ওঠে সকাল থেকেই। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা যেমন ভিড় জমিয়েছিলেন, তেমনই আশপাশের গ্রাম থেকেও মানুষ ছুটে আসেন খেলা দেখতে।
সূর্য সংঘের স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। ফিতে কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার, হাসনাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্র এবং সূর্য সংঘের সভাপতি হাবিজুর রহমান। উদ্বোধনী মুহূর্তে বাবু মাস্টার বলেন, “সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় খেলাধুলার এমন বড় আয়োজন প্রমাণ করে আমাদের তরুণ প্রজন্ম কতটা এগিয়ে যেতে চায়। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, দলগত ভাবনা আর সুস্থ জীবনের পথ দেখায়। সূর্য সংঘের এই উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক—এটাই আমার কামনা।”
আট দলীয় এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আন্তর্জাতিক ও দেশীয় খেলোয়াড়দের সমন্বয়ে গতি, শক্তি আর কৌশলের চমৎকার প্রদর্শন উপভোগ করেন দর্শকরা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে এক লক্ষ টাকা ও স্মারক ট্রফি, দ্বিতীয় পুরস্কার ৮০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি। পুরস্কারের অঙ্ক যেমন আকর্ষণীয়, তেমনই সম্মান আর প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো।
হাসনাবাদ থানার আইসি বাপ্পা মিত্র আয়োজকদের প্রশংসা করে বলেন, “এমন ক্রীড়ানুষ্ঠান যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সাহায্য করে এবং সামাজিক বন্ধন আরও মজবুত করে।” দিনভর রোমাঞ্চকর ম্যাচের মধ্য দিয়ে দক্ষিণ বরুণহাটের সূর্য সংঘের মাঠ যেন এক টুকরো ক্রীড়া উৎসবে রূপ নেয়। সফল আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ হল, সুন্দরবনের প্রত্যন্ত এলাকাও আজ জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে নিজেদের জায়গা করে নিতে প্রস্তুত।