সমাজের পিছিয়ে পড়া মানুষেকে স্বাস্থ্য পরিষেবা দিতে মেগা স্বাস্থ্য শিবির বসিরহাটে
বসিরহাট : শহর বসিরহাটের সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবির ও রক্ত অর্পণ উৎসবের আয়োজন করা হলো। বসিরহাটের বিশিষ্ট চিকিৎসক ডাঃ শৌর্য্য ব্যানার্জির উদ্যোগে এবং মন্দির সংরক্ষণ সমিতি বসিরহাটের পরিচালনায় দণ্ডীরহাট রামকৃষ্ণ মিশনের পার্শ্ববর্তী মাঠে এই শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করেন।অর্থোপেডিক, চক্ষু ও জেনারেল মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তচাপ ও সুগার মাপা, ইসিজি পরীক্ষার ব্যবস্থাও ছিল। ডাক্তার দেখানোর পর যেসব ওষুধের প্রয়োজন হয়েছে, সেগুলিও রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়।
শিবিরে উপস্থিত থেকে ডাঃ শৌর্য্য ব্যানার্জি বলেন, “সমাজের অনেক মানুষ এখনও নিয়মিত চিকিৎসার সুযোগ পান না। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই রোগ লুকিয়ে রাখেন বা দেরিতে চিকিৎসা করাতে আসেন, ফলে সমস্যাটা আরও বাড়ে। এই ধরনের শিবিরের মাধ্যমে অন্তত প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া সম্ভব হয় এবং প্রয়োজনে তাদের বড় হাসপাতালে রেফার করা যায়।” তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত করার চেষ্টা থাকবে।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের বক্তব্য, এক জায়গায় এতগুলো পরীক্ষা ও ডাক্তার দেখানোর সুযোগ বিনামূল্যে পাওয়া সত্যিই বড় স্বস্তির। অনেকেই দীর্ঘদিন ধরে চোখ, হাড়ের ব্যথা বা সাধারণ শারীরিক সমস্যায় ভুগছিলেন, এই শিবিরে এসে তারা পরামর্শ ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন। আয়োজকদের তরফে জানানো হয়, সমাজের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য, আর মানুষের সাড়া দেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।