শুনানিতে গিয়ে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন বসিরহাট টাউন তৃণমূল সভাপতি
বসিরহাট : শুনানি চলাকালীন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এক ব্যক্তিকে। বসিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের ধলতিথা এলাকার বাসিন্দা হামিদুর গাজীর নামে এসআইআর সংক্রান্ত একটি নোটিশ আসে। সেই নোটিশ পাওয়ার পর তিনি বসিরহাট ১নং ব্লক ডেভেলপমেন্ট অফিসে শুনানিতে হাজির হন। অভিযোগ, শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে ভর্তি থাকার পরামর্শ দেন। এই ঘটনার পর অসুস্থ হামিদুর গাজীকে হাসপাতালে দেখতে যান বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা দাস। তিনি অভিযোগ করে বলেন, “এসআইআরের সুযোগ নিয়ে বৈধ নাগরিকদের অযথা হয়রানি করা হচ্ছে। তার ফলেই সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, আবার কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।”
তার বক্তব্য, যাদের কাগজপত্র ঠিক আছে, তাদের যেন অহেতুক হয়রানি না করা হয় এবং নির্বাচন কমিশনকে সঠিক পদ্ধতিতে শুনানি প্রক্রিয়া চালানোর দিকে নজর দিতে হবে।
রানা দাস আরও জানান, বর্তমানে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। সঠিক ও মানবিক পদ্ধতিতে শুনানি হলে মানুষ সুরাহ পাবে বলেই তাদের দাবি। বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার কথাও তিনি জানান।