শালকাপ রঘুনাথপুর হাই স্কুলে মাতৃ সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সাধন মন্ডল : ২৮ জানুয়ারি:- ছাত্র-ছাত্রী এবং অভিভাবিকাদিকে উৎসাহ দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সালকাপ রঘুনাথপুর হাই স্কুলে কর্তৃপক্ষ। এদিন এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃ সম্মাননা প্রদান করা হয়।এ বিষয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক জগদীশ পাইন বলেন, ভালো মা ছাড়া ভালো সন্তান হতে পারে না এই ভাবনা থেকে আমরা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রীর মায়েদের জন্য বিশেষ সম্মান জানাতে এই মাতৃ সম্মাননার উদ্যোগ নিয়েছি।
গত বছর থেকে এই সম্মাননা শুরু করা হয়েছে। সন্তানের কৃতিত্বে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। ‘এক জন মা একশো জন শিক্ষকের সমান’ এই আপ্ত বাক্যটি স্মরণে রেখে আমাদের এই ভাবনা। সম্মাননা গুলি মায়েদের হাতে তুলে দেন ইন্দপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুশ্রী মাসাত ও মহিলা ফরেস্ট রেঞ্জ অফিসার কোয়েল মৌলিক । প্রধান শিক্ষক জগদীশবাবু আরো জানান,আমরা বিদ্যালয়ে অভিভাবক সভা ছাড়াও ছাত্র-ছাত্রীদের মায়েদের নিয়েমাতৃ সম্মেলন করে থাকি । সম্মাননা পেয়ে অভিভাবিকা মৌসুমী বারিক জানালেন, এই উদ্যোগ সত্যিই আমাদের যোগ্য সম্মানের আসন দিয়েছে। মৌসুমী দেবী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও বিদ্যালয় পরিচালন সমিতিকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।