‘শবেবরাতের রাতে বেআইনী বাজি পোড়ানো যাবেনা’। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,কলকাতা : আগামীকাল অর্থাৎ বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, -‘শবেবরাতের রাতে ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো প্রকার আতশবাজি ফাটানো যাবে না। কেবল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্ধারিত নিয়ম মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে সবুজ বাজি ব্যবহারের অনুমতি মিলবে’।
শবেবরাতে কোনও বেআইনি বা পরিবেশের ক্ষতি করে এমন বাজি পোড়ানো যাবে না। এই বিষয়টি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পুলিশকে নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে না বলেও জানিয়ে দিল হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ নির্দেশ দিয়ে জানায়, ”অনুমতি নেই এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর এমন কোনও বাজি শবেবরাতের সময় পোড়ানো যাবে না।”
এই বিষয়টি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নিশ্চিত করতে হবে। উৎসবের সময় মামলাকারী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।হাইকোর্টের এই নির্দেশের পরে কী পদক্ষেপ করা হয়েছে? তা নিয়ে একটি রিপোর্ট দিতে হবে আদালত। পরবর্তী শুনানির আগেই সেই রিপোর্ট দাখিল করতে হবে। এপ্রিল মাসে এই মামলার পরের শুনানি রয়েছে বলে জানা গেছে।
আগামীকাল অর্থাৎ বুধবার শবেবরাতের জন্য রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।মামলাকারী হাইকোর্টে পিটিশন দিয়ে জানান, -‘ওই দিন কোনও বেআইনি বাজি যাতে না পোড়ানো হয়, তা নিশ্চিত করা হোক’। বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেওয়ার জন্য আবেদন জানান তিনি। সেই মামলা নিয়েই এদিন নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।