লক্ষ্মীর ভান্ডারে বড় চমক রাজ্যের, খুশির হাওয়া হাড়োয়া জুড়ে
বসিরহাট : বাজেট ঘোষণার পর হাড়োয়া জুড়ে খুশির হাওয়া। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ার খবর ছড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার মহিলারা। বসিরহাটের হাড়োয়া ব্লকের খলিসাদী এলাকায় অনিতা, পারমিতা, সাবিনা, তাজমিরা—হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলারা একসঙ্গে জমায়েত হয়ে আনন্দে মেতে ওঠেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি ও স্লোগান ওঠে, একে অপরকে মিষ্টিমুখ করিয়ে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন মিনাখাঁ ও হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা। তিনি বলেন, “লক্ষ্মীর ভান্ডার আজ শুধু একটি প্রকল্প নয়, গ্রামীণ ও শহরতলির অসংখ্য পরিবারের ভরসার জায়গা।
বাজেটে বরাদ্দ বাড়ায় মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত হবে, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে সুবিধা হবে।” তার কথায়, “রাজ্য সরকার যেভাবে ধারাবাহিক ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারই প্রতিফলন আজকের এই সিদ্ধান্ত।” এলাকাবাসীর দাবি, এই বরাদ্দ বৃদ্ধির সুফল সরাসরি পৌঁছবে ঘরে ঘরে। আর তাই খুশির রেশ ছড়িয়ে পড়েছে হাড়োয়ার সর্বত্র।