মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে হুগলি জেলায় “সবুজ সাথী” প্রকল্পের দ্বাদশ পর্যায়ের শুভ উদ্বোধন
সঞ্জনা সমাদ্দার, হুগলী: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে হুগলি জেলায় “সবুজ সাথী” প্রকল্পের দ্বাদশ পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ। জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের ক্ষমতায়নের বার্তা আরও একবার জোরালোভাবে উচ্চারিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, জেলা শাসক খুরশিদ আলি কাদরি (আইএএস), চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার কোতেশ্বর রাও (আইপিএস) এবং হুগলি (গ্রামীণ)-এর পুলিশ সুপার কমনাশীষ সেন (আইপিএস)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিধায়কগণ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই হুগলি জেলায় প্রায় সাড়ে সাত লক্ষ ছাত্রছাত্রী “সবুজ সাথী” প্রকল্পের আওতায় সাইকেল পেয়ে উপকৃত হয়েছে। বিদ্যালয়ে যাতায়াত সহজ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে এবং ঝরে পড়ার হার কমেছে বলেও প্রশাসনের দাবি।দ্বাদশ পর্যায়ে জেলায় প্রায় ৬৫ হাজার সাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলি সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে এই কর্মসূচি সম্পন্ন করবে।উল্লেখ্য, “সবুজ সাথী” প্রকল্প শিক্ষার্থীদের স্বনির্ভরতা বৃদ্ধির পাশাপাশি গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার সুযোগের বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের মতে, এই উদ্যোগ রাজ্যের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ধারাকে আরও সুদৃঢ় করবে।