ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি কোন বেঞ্চে চলবে? স্পষ্ট করতে চায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি। ভোট পরবর্তী হিংসা মামলার বিচার কি করে পাঁচ বিচারপতির বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চলে গেল? তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুক্রবার এই সংক্রান্ত ১৪ টি মামলা ওঠে শুনানির জন্য। তার মধ্যে হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আবেদনের মামলাও ছিল। সেই মামলায় মামলাকারি তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল শুনানির আবেদন করলে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, -‘যে মামলা পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি চলেছে, রায় হয়েছে, সেই মামলা কি করে নতুন নির্দেশ ছাড়া ডিভিশন বেঞ্চে ফিরে যায়?
‘আইনজীবীরা এই ব্যাপারে কোনও স্পষ্ট জবাব দিতে না পারায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোর্ট রেজিস্ট্রারকে আগামী দিনে এই ব্যাপারে বিশদ তথ্য দেওয়ার নির্দেশ দেয়। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার মামলা শোনার জন্য তৎকালীন প্রধান বিচারপতি পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেন। সেই মামলায় সিবিআই তদন্ত, ক্ষতিপূরণ সহ একগুগচ্ছ নির্দেশ দেওয়া হয়।
২০২৩ সালে হঠাৎ সেই মামলা তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে বিচার চলতে থাকে।এখন সেই নিয়েই প্রশ্ন উঠলো পাঁচ বছর কাটলেও কেন এখনো সুরাহা মেলেনি গত বিধানসভা ভোট পরবর্তী হিংসার মামলাগুলির? ২০২১ বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা মামলা এতদিন পাঁচ বিচারপতির বেঞ্চে চলতো। তাহলে এখন তা কিভাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এল?নতুন নির্বাচন আসতে চলেছে এখনো পুরনো বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার মামলা কেন এজলাসে বিচারাধীন? সব স্পষ্ট হবে পরবর্তী শুনানি পর্বে।