বিশেষ আদালতে বেলডাঙা মামলায় অভিযুক্তদের আনতে পুলিশের অসহযোগিতার অভিযোগ এনআইএ-র
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : বৃহস্পতিবার কলকাতার এনআইএ এজলাসে উঠে বেলডাঙা বিষয়ক মামলা। এদিন তদন্তে রাজ্যের প্রতি অসহযোগিতার অভিযোগ তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । ৩৬ জন অভিযুক্তকে কলকাতায় বিশেষ এনআইএ আদালতে পেশ করার নির্দেশ বিচারকের।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিচারক নির্দেশ দিয়েছেন, -‘আগামী ১২ ফেব্রুয়ারি অভিযুক্তদের অবশ্যই আদালতে হাজির করাতে হবে। সেদিন বেলডাঙা মামলার রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে’। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপারকে ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।বেলডাঙা মামলায় জেলা পুলিশ এনআইএ কে নথি হস্তান্তরের ক্ষেত্রেও ‘অসযোগিতা’ করেছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারীদের।
মৌখিকভাবে এনআইএ -এর আইনজীবী পুলিশ সুপারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। আদালত, এই ঘটনায় ধৃত ৩৬ জনকে বহরমপুর আদালত থেকে এনআইএ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল।কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তারা উপস্থিত হয়নি। এরপর বিচারক এনআইএ -এর আইনজীবীদের কাছে জানতে চান, -‘অভিযুক্তদের পেশ করা হয়েছে কিনা? ‘ তখন আইনজীবী জানান,-‘ পর্যাপ্ত পুলিশ পাওয়া যায়নি, এসকর্ট পায়নি। সেই কারণেই জেল থেকে আসামীদের পাঠানো হয়নি’। রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার কথা বলেন এনআইএ এর আইনজীবী। যদিও এনআইএ -এর দাবি উড়িয়েছেন জেলা পুলিশের এক শীর্ষ কর্তা। তাঁর অভিযোগ, -‘অভিযোগ ঠিক নয়।
আদালতের নির্দেশই পালন হবে’। উল্লেখ্য, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল বেলডাঙায়। ঘটনায় অভিযুক্ত প্রায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন, -‘কেবল স্থানীয় আবেগ নয়, পরিকল্পিতভাবে ডিজিটাল উসকানি ছড়িয়েই অশান্তির আগুন জ্বালানো হয়েছিল’। সেই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত, তা নির্ধারণ করতে চাইছেন এনআইএ এর গোয়েন্দারা।