বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ গ্রেফতার ১
বসিরহাট : বুধবার গভীর রাতে বসিরহাট থানার শংকরপুর এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন ঐ যুবকের ছোটো পণ্যবাহী গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বস্তা ভর্তি মোট ১২৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করেছে, এই বিপুল পরিমাণ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল। পুলিশের তৎপরতায় বড়সড় এই পাচারের চেষ্টা ভেস্তে যায়। ধৃতের নাম হাদিউজ্জামান সরদার, বাড়ি মাটিয়া থানার ঝিঙ্কা গ্রামে। পুলিশি জেরায় সে আরও জানায়, দীর্ঘদিন ধরেই সে এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত।
এদিন গভীর রাতে বোতলগুলো ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময়ই তাকে আটক করা হয়। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ পুরো চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে।