ফের রাজনীতির মঞ্চে দেখা যাবে বাবু মাস্টারকে? জনজোয়ার দেখে জল্পনা তুঙ্গে
বসিরহাট : যদিও তিনি এখন সক্রিয় রাজনীতির ময়দানে নেই এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সরাসরি যোগও নেই। তবুও যেখানেই বাবু মাস্টার, সেখানেই মানুষের ঢল। সেই ছবিটাই ফের স্পষ্ট হয়ে উঠলো। হাসনাবাদের একসময়ের দাপুটে নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল, ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে হাজির হয়ে মানুষের সঙ্গে দেখা করছেন। বিভিন্ন মাঠে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হচ্ছে, তা দেখে স্থানীয়দের অনেকেই বলছেন “রাজনীতির বাইরে থেকেও তার টান এখনো অটুট।”
এদিন বসিরহাট উত্তর বিধানসভার আমলানি গ্রাম পঞ্চায়েতের সিরাজপুরে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে পৌঁছান তিনি। খবর ছড়াতেই মাঠে ভিড় জমে যায়। শয়ে শয়ে মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন, কেউ হাত মেলান, কেউ আবার নিজের এলাকার সমস্যা-সুখদুঃখ জানাতে চান। বাবু মাস্টারও আলাপচারিতায় সময় দেন, কুশল বিনিময় করেন, খেলার আয়োজকদের পাশে দাঁড়িয়ে উৎসাহ জোগান। মাঠজুড়ে তখন একটাই আলোচনা, রাজনীতিতে সক্রিয় না থেকেও কীভাবে তিনি আজও মানুষের ভরসার জায়গা হয়ে আছেন।
স্থানীয়দের মতে, এই জনপ্রিয়তার শিকড় বহুদিনের। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও বসিরহাট উত্তর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে তার পরিচিতি শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, মানুষের বিপদে পাশে থাকা একজন মুখ হিসেবেও। ফলে ক্রীড়া মঞ্চে তাকে দেখলেই স্বাভাবিকভাবেই জনসমাগম বাড়ে। অনেকে বলছেন, এ যেন নীরব জনসংযোগ। মাঠের আবহে, রাজনীতির পোস্টার-ব্যানার ছাড়াই। এই ভিড় আর উৎসাহকে ঘিরেই নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
তবে কি বাবু মাস্টার ফের কোনো দলে যোগ দেওয়ার কথা ভাবছেন? নাকি আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক শিবিরের মুখ হয়ে উঠবেন? প্রকাশ্যে তিনি কিছুই বলছেন না। কিন্তু একের পর এক ক্রীড়া অনুষ্ঠানে তার উপস্থিতি ও মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, সব মিলিয়ে জল্পনা থামছে না। আপাতত মাঠই তার মঞ্চ। আর সেই মঞ্চেই বারবার প্রমাণ হচ্ছে রাজনীতির বাইরে থাকলেও মানুষের মনে তার জায়গাটা এখনও অটুট।