পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা
বসিরহাট : বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ থানার পুলিশের সাফল্যে খুশির হাওয়া এলাকায়। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া মোট ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হাসনাবাদ থানা। আধুনিক প্রযুক্তিনির্ভর এই সময়ে মোবাইল ফোন যে মানুষের নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তাই হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে ভরে ওঠেন হাসনাবাদের সাধারণ মানুষ।
থানার পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন হাসনাবাদের এসডিপিও ওমর ফারুক এবং হাসনাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্র সহ থানার অন্যান্য আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ থানায় জমা পড়েছিল। সেই সব অভিযোগের ভিত্তিতে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাকিং এবং সাইবার সেলের সহযোগিতায় দীর্ঘ তদন্ত চালিয়ে একে একে এই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়।