নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে বিজেপির পথ অবরোধ সিমলাপালে
সাধন মন্ডল, বাঁকুড়া: নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির। শনিবার মাচাতোড়া- সিমলাপাল রাস্তার উপর জুনকুড়িয়া মোড়ে এই অবরোধের জেরে সাময়িক যানচলাচল ব্যাহত হয়।
অবরোধকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে মাচাতোড়া-সিমলাপাল রাস্তা তৈরীর কাজ শুরু হয়েছে। কিন্তু ওই রাস্তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী হওয়ার ফলে হাতের টানেই অতি সহজে উঠে আসছে পিচ। এই ঘটনার প্রতিবাদেই তাদের পথ অবরোধ বলে তারা জানিয়েছেন।
তালডাংরা মন্ডলের সাধারণ সম্পাদক সৌরভ সৎপতি বলেন এই নিম্নমানের কাজ বরদাস্ত করা যায় না আমরা চাই রাস্তা সঠিকভাবে নির্মাণ হোক ।আমরা পথ অবরোধের বিরোধী কিন্তু এলাকার মানুষের স্বার্থে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। প্রশাসন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করলে আমরা অবরোধ তুলে নেব। এক ঘন্টা ধরে চলে অবরোধ। আটকে পড়া মানুষজনের কথা চিন্তা করে এক ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিজেপির নেতারা।