দুয়ারে পুলিশ প্রকল্পে আজ রাইপুর থানার উদ্যোগে বিশেষ শিবির প্রত্যন্ত এলাকা পোষদা গ্রামে
সাধন মন্ডল, বাঁকুড়া: পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প এবার দুয়ারে পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানাতে শুরু হয়েছে দুয়ারে পুলিশ কর্মসূচি । আজ জঙ্গলমহলের একদা মাওবাদী অধ্যুষিত রাইপুর ব্লকের প্রত্যন্ত এলাকা ঝাড়্গ্রাম জেলা সংলগ্ন ঢেকো গ্রাম পঞ্চায়েতের পোষদা গ্রামে হাজির হয়েছিলেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক সহ কয়েকজন অফিসার ও পুলিশ কর্মী ওই গ্রামের আটচালায় বসে একটি সচেতনতা শিবির করেন রাইপুর থানা পুলিশ।
ইদানিংকালে জঙ্গলমহল এলাকার বিভিন্ন জায়গায় একটি গুজব ছড়িয়েছে সেই গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক। তাছাড়া তিনি আরও বলেন, অনৈতিক কাজকর্ম দেখলে তাড়াতাড়ি স্থানীয় সিভিক অথবা থানায় খবর দেওয়া এবং অপরিচিত মানুষ যদি আধার কার্ড বা ভোটার কার্ড চান তাহলে তা না দেওয়ার পরামর্শ দেন। মোবাইল সম্পর্কে সম্যক জ্ঞান দেন পুলিশ আধিকারিক বৃন্দ বর্তমানে মোবাইলে নানান লোভনীয় বার্তা দিয়ে ব্যাংক একাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। অজানা অচেনা ফোন না ধরতে এবং কোনরকম ওটিপি শেয়ার না করতে অনুরোধ জানান। আজকের শিবিরে গ্রামবাসীদের ভিড় ছিল লক্ষণীয়। পুলিশের কাছ থেকে এই ধরনের বার্তা পেয়ে খুশি গ্রামবাসী সহ এলাকাবাসী।