দুবরাজপুর সেঁজুতির পরিচালনায় বসন্ত উৎসব
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : দোল যাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সকাল থেকে সাজো সাজো রব। রঙিন সাজে সজ্জিত হয়ে নানান রঙ বেরঙের আবির নিয়ে শোভাযাত্রা সহ একে অপরকে রাঙিয়ে তোলে। এছাড়াও ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি কোথাও কোথাও মেলাও বসে। সেরূপ দুবরাজপুর শহরের মহিলা পরিচালিত সেঁজুতি নাট্যগোষ্ঠীর উদ্যোগে দোল যাত্রা উপলক্ষে সান্ধ্যকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে। দুবরাজপুরের সংস্কৃতিপ্রেমী মানুষজন এদিন বসন্ত উৎসবের আমেজে মেতে ওঠে।
অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল বোলপুর চতুরঙ্গের ঢালি নাচ, শাড়ি নাচ এবং সর্বোপরি ইতিহাস প্রসিদ্ধ রাইবেঁশে মানুষের মন জয় করে। লুপ্তপ্রায় রাইবেঁশে নাচ চাক্ষুষ করল এলাকাবাসী।
উল্লেখ্য সংস্কৃতি মনোভাবাপন্ন সেঁজুতির কর্ণধার সুমনা চক্রবর্তী দুবরাজপুরের মানুষকে প্রতিনিয়তই সংস্কৃতির ছোঁয়ায় রাঙিয়ে তোলেন বলে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে ব্যক্ত করেন।
মহিলা পরিচালিত সেঁজুতি বসন্ত উৎসব শুরু হবার আগেই পাহাড়েশ্বর শিব মন্দিরে প্রদীপ প্রজ্জলন করেন, বীরভূম জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরপ্রধান পীযূষ পান্ডে,শিক্ষক অরিন্দম চ্যাটার্জী, দুবরাজপুর আশ্রমের শীর্ষ সেবক সত্য শিবানন্দ মহারাজ,মানিক মুখার্জি, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, কাউন্সিলার সাগর কুন্ডু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেঁজুতির কর্মকর্তা সুমনা চক্রবর্তী উপস্থিত অতিথিদের বরণ করেন আবিরের ছোঁয়া এবং গোলাপ ফুল দিয়ে। বিশেষ উল্লেখ্য এদিন অনুষ্ঠানে বোলপুর চতুরঙ্গ র ঢালি ও শাড়ি নাচ এবং রোদ্দুর গোষ্ঠীর গানের পাশাপাশি সেঁজুতির নিজস্ব গান নৃত্য, মায়া সঙ্গীত কলার গান ও পরিবেশিত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।