ঘরের ছেলে হারিয়ে শোকে স্তব্ধ বাঁকুড়ার সিমলাপাল
সাধন মন্ডল, বাঁকুড়া: কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর সিআরপিএফ জওয়ান রাজু লোহারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে তিনি সিআরপিএফ-এ যোগ দেন। বর্তমানে তিনি মনিপুরে ১৬৯ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকদিন মণিপুরের ইম্ফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।
বুধবার রাতে জাতীয় পতাকায় মোড়া তার কফিনবন্দি দেহ সিমলাপাল বাজারের বাড়িতে এসে পৌঁছয়। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ এলাকার মানুষজন। এলাকায় রাজু খুবই পরিচিত এবং সকলের প্রিয় ছেলে ছিলেন বলে জানান স্থানীয়রা।
এদিন অসংখ্য মানুষ এসে তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর জাতীয় পতাকায় মোড়া দেহ নিয়ে সিমলাপাল বাজারে শোক মিছিল হয়। পরে তার দেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় শিলাবতী নদী ঘাটে। সেখানে উপস্থিত অন্যান্য জওয়ানরা তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিয় জওয়ানকে অকালে হারিয়ে শোকে বিহ্বল সিমলাপালবাসী। সিমলাপালবাসি হারালো তাদের প্রিয় মানুষকে।