করোনা পরবর্তী কালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বসিরহাটে শুরু হলো ক্রিকেট লিগ
বসিরহাট : করোনা পরবর্তী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বসিরহাটে শুরু হল ক্রিকেট লিগ। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ১ম ডিভিশন ক্রিকেট লিগে এবার দুটি গ্রুপে মোট ১৪টি দল অংশ নিয়েছে। বসিরহাটের সীমান্ত এলাকা থেকে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিএসএসএ মাঠে ম্যাচ শুরু হতেই সকাল থেকে দর্শকদের ভিড় জমতে থাকে। মাঠ জুড়ে উচ্ছ্বাস, করতালি আর খেলোয়াড়দের উৎসাহ দিতে শোনা যায় সমর্থকদের গলা ফাটানো আওয়াজ। অনেকের মতে, দীর্ঘদিন পর বসিরহাটে এমন প্রতিযোগিতামূলক ক্রিকেট লিগ শুরু হওয়ায় স্থানীয় খেলাধুলোর পরিবেশ আবার চাঙ্গা হয়ে উঠছে।
এই লিগ প্রসঙ্গে উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নবাব ভট্টাচার্য্যের বসিরহাটের প্রতিনিধি তথা বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক বরুণ ভট্টাচার্য্য জানান, আগামী প্রজন্মের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, “এই লিগের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা জেলা, রাজ্য এমনকি দেশের স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও উন্নত ও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদী।”এক ক্রিকেট প্রেমী তাপস দাস বলেন, “করোনার পরে এত বড় ক্রিকেট লিগ বসিরহাটে হবে ভাবতেই পারিনি। স্থানীয় ছেলেরা ভালো মানের ক্রিকেট খেলছে, এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে। এমন লিগ নিয়মিত হলে এখান থেকে ভালো ক্রিকেটার উঠে আসবেই।” সব মিলিয়ে বসিরহাটে শুরু হওয়া এই ক্রিকেট লিগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দীর্ঘ বিরতির পর এলাকার ক্রীড়া সংস্কৃতিকে নতুন করে প্রাণ ফেরানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখছেন ক্রীড়াপ্রেমী মানুষজন।