আজ শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার সপ্তদশ অধিবেশনের বাজেট পর্ব
নিজস্ব সংবাদদাতা: আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার সপ্তদশ অধিবেশনের বাজেট পর্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। বুধবার, ৫ ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা ভোটের আগের বছরের মতোই, ২০২৬ সালেও ৫ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হচ্ছে—যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভোটের মুখে দাঁড়িয়ে এই বাজেটকে ঘিরে শাসক ও বিরোধী শিবির—দু’দিকেই কৌশলগত হিসেব স্পষ্ট। রাজ্য সরকারের তরফে জনমুখী প্রকল্পগুলিকে আরও জোরদার করার ইঙ্গিত মিলছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি কিংবা নতুন সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার দিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
নারী ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনও নতুন ঘোষণা হয় কি না, তা ঘিরে বিশেষ কৌতূহল রয়েছে। পাশাপাশি কর্মসংস্থান, কৃষি, গ্রামীণ উন্নয়ন, পরিকাঠামো এবং শিল্প বিনিয়োগ নিয়ে বাজেটে কী রূপরেখা তুলে ধরা হয়, সেদিকেও তাকিয়ে অর্থনৈতিক মহল। রাজ্যের আর্থিক ঘাটতি, কেন্দ্রীয় বকেয়া ও প্রকল্পের বাস্তবায়ন—এই সব ইস্যুতে বিরোধীদের আক্রমণও বাজেট অধিবেশনে জোরদার হতে পারে।
বিরোধী দলগুলি আগেই ইঙ্গিত দিয়েছে, রাজ্যের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র, বেকারত্ব এবং কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে তারা সরকারকে কোণঠাসা করবে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, সীমিত সম্পদের মধ্যেও রাজ্য সরকার সামাজিক সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্য বজায় রেখে কাজ করছে।